ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে শহরের লেকেরপাড় এলাকায় ‘শহীদ কানন চত্বর’-এ এই কর্মসূচির আয়োজন করে উদীচী মাদারীপুর জেলা শাখা।
মানববন্ধনে বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump ও ইসরায়েলের প্রধানমন্ত্রী Benjamin Netanyahu নিজ নিজ দেশের আদালতে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি। তারা মানবতাবিরোধী কর্মকাণ্ড ও গণহত্যার সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন বক্তারা। তাদের এমন কর্মকাণ্ড বিশ্ব শান্তির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করা হয়। বক্তারা আরও বলেন, জায়নবাদ ও মার্কিন সাম্রাজ্যবাদ শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বকে অনিরাপদ করে তুলছে।
মানববন্ধনে বক্তব্য দেন উদীচী মাদারীপুর জেলা শাখার সভাপতি ডা. রেজাউল আমিন, সচেতন নাগরিক কমিটির জেলা শাখার সভাপতি খান মোহাম্মদ শহীদ, উদীচী মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আলাউদ্দিন এলিন, সহ-সভাপতি আনিসুর রহমান মিন্টু, সদস্য আ জ ম কামালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কর্মসূচিতে উদীচী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।