পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সদরপুরের বিভিন্ন সেলুনে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। সকাল থেকে শুরু হওয়া এই ভিড় অনেক ক্ষেত্রে গভীর রাত পর্যন্ত অব্যাহত থাকছে। ঈদের আগে নতুন করে চুল কাটা, দাড়ি ট্রিম করা এবং নিজেকে পরিপাটি করে তুলতে উপজেলার নানা বয়সী মানুষ ভিড় জমাচ্ছেন সেলুনগুলোতে।
উপজেলার বিভিন্ন বাজারে অবস্থিত সেলুনগুলোতে সকাল থেকেই দীর্ঘ লাইন লক্ষ্য করা যাচ্ছে। কেউ অপেক্ষা করছেন চুল কাটার জন্য, আবার কেউ দাড়ি ট্রিম বা ফেসিয়াল করাতে এসেছেন। ঈদের আগ মুহূর্ত হওয়ায় অনেকেই পরিবারের সদস্যদের নিয়েও সেলুনে আসছেন। বিশেষ করে শিশুদের চুল কাটা ও নতুন ডিজাইনের হেয়ারস্টাইল পছন্দ করা নিয়ে অভিভাবকদের মধ্যেও ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে
উপজেলার ফ্যাশন ওয়ার্ড জেন্টস পার্লারের স্বত্বাধিকারী বিশ্বজিৎ বলেন, “ঈদের আগে এমন ভিড় প্রতি বছরই থাকে। তবে এবার ক্রেতার সংখ্যা আরও বেশি মনে হচ্ছে। সকাল থেকে শুরু করে অনেক সময় গভীর রাত পর্যন্ত কাজ করতে হচ্ছে। সবাই ঈদের আগে নিজেদের একটু পরিপাটি করে নিতে চান।”
এদিকে কেউ কেউ আবার দুই থেকে তিন দিন আগেই সিরিয়াল দিয়ে রাখছেন পছন্দের স্টাইলে চুল কাটানোর জন্য।
ঈদের আগমনী আমেজে উপজেলার বাজারগুলোতে যেমন কেনাকাটার ভিড় বেড়েছে, তেমনি সেলুন ব্যবসায়ীদের মধ্যেও বইছে কর্মব্যস্ততার স্রোত। রাত গভীর হলেও কমছে না কাজের চাপ; বরং ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে ক্রেতাদের ভিড়।