খুলনায় নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর সাড়ে চার বছর বয়সী শিশু জান্নাতুল মাওয়ার মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশ পুলিশ।
সোমবার রাত ২টার দিকে নগরীর হরিণটানা গেট সংলগ্ন একটি ফাঁকা স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মাওয়া খুলনা নগরীর লবনচরা থানাধীন রায়পাড়া কালভার্ট এলাকার বাসিন্দা শাহাজালালের মেয়ে।
লবনচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তুহিনুজ্জামান জানান, সোমবার দুপুরে বাবা-মায়ের সঙ্গে ছোট মামার বিয়ের অনুষ্ঠানে সাচিবুনিয়া মোহাম্মাদপুর এলাকায় যায় মাওয়া। সেখান থেকে পরিচিত এক ব্যক্তি আইসক্রিম খাওয়ানোর কথা বলে তাকে ডেকে নিয়ে যায়।
পরবর্তীতে মেয়েটি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। মায়ের ফোনে ওই ব্যক্তি প্রথমে জানায়, শিশুটি আইসক্রিম খাচ্ছে এবং কিছুটা দেরি হবে। পরে তার ফোন বন্ধ পাওয়া যায়।
বিষয়টি সন্দেহজনক মনে হলে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর রাতে পুলিশ ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে হরিণটানা গেট সংলগ্ন এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি দড়ি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহভাজন ব্যক্তির নাম তদন্তের স্বার্থে প্রকাশ করা হয়নি। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।