ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করেছেন দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শনিবার রাত সাড়ে দশটায় ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন এবং রোববার তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে ২০২৪ সালের ৮ আগস্ট সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।
অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালনের আগে অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বারইপাড়া গ্রামের সন্তান মো. আসাদুজ্জামান ১৯৭১ সালে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়ে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন।
১৯৯৫ সালে তিনি বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। পরের বছর হাইকোর্ট বিভাগের এবং ২০০৫ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
উল্লেখ্য, তিনি সাবেক প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের পিতা প্রখ্যাত আইনজীবী সৈয়দ ইশতিয়াক আহমেদের জুনিয়র ছিলেন।