দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ঢাকায় পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী ফ্লাইটটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে ফ্লাইটটি সকাল ৯টা ৫৭ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে বেলা ১১টা ৪ মিনিটে সিলেট থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন জীবন শেষে দেশে ফিরেছেন তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানাতে দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলের স্থায়ী কমিটির সদস্যরা তাকে অভ্যর্থনা জানান। তার প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসবের আমেজ বিরাজ করছে।
বিমানবন্দর থেকে সড়কপথে তিনি এভারকেয়ার হাসপাতালে যাবেন। যাওয়ার পথে রাজধানীর ৩০০ ফিট এক্সপ্রেসওয়ে এলাকায় (৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে) একটি সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।
এর আগে তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন কমিটির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, ৩০০ ফিট এলাকায় সংক্ষিপ্ত এই অনুষ্ঠানে তারেক রহমান দেশবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করবেন এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন।
সংক্ষিপ্ত অনুষ্ঠান শেষে তিনি এভারকেয়ার হাসপাতালে যাবেন। এরপর সেখান থেকে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় যাবেন, যেখানে তিনি অবস্থান করবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।