শরিয়তপুর আঙ্গারিয়া ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আলিম মোল্লা (৩২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে আলিম মোল্লা ইউনিয়ন পরিষদে অবস্থান করছিলেন। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ থাকা তুহিন মোল্লা ও শাহীন মোল্লা (পিতা: কালাচান মোল্লা) সহ একদল ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে। এতে তার মাথায় গভীর ক্ষত সৃষ্টি হয়।
আলিম মোল্লার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
হাসপাতালের চিকিৎসকরা জানান, তার মাথায় গভীর আঘাত রয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে থানায় অভিযোগের প্রস্তুতি চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।