রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সৌহার্দ্য পরিবহন বাস পদ্মা নদীতে পড়ে গেছে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (২৫ মার্চ) বিকেলে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা প্রাথমিকভাবে কয়েকজনকে উদ্ধার করলেও এখনও অনেক যাত্রী নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু হয়েছে। উদ্ধার অভিযানে যোগ দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ডুবুরি দল এবং উদ্ধারকারী জাহাজ ‘হামজা’।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)-এর দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং হতাহতদের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।