নওগাঁ জেলার পোরশা উপজেলার একটি ডাকাতির ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। পুলিশের বিশেষ অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে পোরশা থানার তেঁতুলিয়া ইউনিয়নের মশানতলা মোড় থেকে ধুলাডাঙ্গাগামী শাখা সড়কে একটি ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান শুরু করে।
এরই ধারাবাহিকতায় গত ৫ জানুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার জশৈল গ্রাম থেকে আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য মো. দুরুল হোদা (৫৫) কে গ্রেফতার করা হয়। তিনি মৃত তৈমুর আলীর ছেলে। গ্রেফতারের সময় তার বাড়ি থেকে ডাকাতিতে লুণ্ঠিত একটি স্মার্টফোন, ৪ হাজার ৫০০ টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত একটি দা ও একটি হাতুড়ি উদ্ধার করে পুলিশ।
পরবর্তীতে দুরুল হোদাকে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তার সহযোগীদের নাম-ঠিকানা জানা যায়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনায় এবং পোরশা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে গোমস্তাপুর থানার সহযোগিতায় ডাকাত চক্রের আরও দুই সক্রিয় সদস্য মো. আনেসুর রহমান (৩৪) ও মো. টুটুল (৩৭) কে তাদের নিজ এলাকা সাগরইল গ্রাম থেকে রাত আনুমানিক আড়াইটার দিকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ডাকাতির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, সড়কে সংঘটিত যে কোনো অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। এ বিষয়ে পুলিশ সুপার সংশ্লিষ্ট সকল থানাকে সতর্ক থেকে নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশনা দিয়েছেন।