ফরিদপুরের সদরপুর উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী আটরশি পাক দরবার শরীফ ও চন্দ্রপাড়া পাক দরবার শরীফ-এ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের অন্যতম বৃহত্তম জামাত অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশন-এর জনসংযোগ শাখার তথ্য অনুযায়ী, আগামী ২১ মার্চ (শনিবার) বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
প্রতি বছরের মতো এবারও আটরশি ও চন্দ্রপাড়া পাক দরবার শরীফে ঈদের প্রধান জামাতে অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে কয়েক লাখ মুরিদ ও ভক্ত জাকেরানের সমাগম ঘটবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জানা যায়, ঈদের দিন চন্দ্রপাড়া পাক দরবার শরীফে সকাল ৮টায় এবং আটরশি পাক দরবার শরীফে সকাল ১০টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
ঈদের জামাতে শরিক হওয়ার পাশাপাশি ভক্তরা পবিত্র ফাতেহা পাঠ, দোয়া-দুরুদ, মাজার জিয়ারতসহ নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেবেন। এ উপলক্ষে দরবার এলাকায় ভক্তদের মিলনমেলায় পরিণত হবে।
দরবার কর্তৃপক্ষ জানায়, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে প্রতি বছরই বিপুল সংখ্যক ভক্তের আগমন ঘটে। সে বিষয়টি বিবেচনায় নিয়ে এবারও সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
চন্দ্রপাড়া পাক দরবার শরীফের মুখপাত্র মোঃ মাহাবুব হোসেন এবং আটরশি দরবার শরীফের খাদেম শেখ রাশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।