ফরিদপুরের ভাঙ্গা থানার একটি মামলায় ডাকাতির প্রস্তুতিকালে এজাহারনামীয় ৬ জন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।
ভাঙ্গা থানার এফআইআর সূত্রে জানা যায়, এফআইআর নং–২৭, তারিখ–২৪ জানুয়ারি ২০২৬, সময়–০০.০৫ ঘটিকা, দণ্ডবিধি ১৮৬০ এর ৩৯৯/৪০২ ধারায় মামলাটি রুজু করা হয়।
ফরিদপুর জেলার পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম (সেবা)-এর নির্দেশক্রমে এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মোঃ রেজওয়ান দীপু-এর তত্ত্বাবধানে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, ডাকাতি প্রতিরোধ ও অপরাধ দমনের লক্ষ্যে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আলীম-এর নেতৃত্বে একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে ২২ জানুয়ারি ২০২৬ রাত আনুমানিক ১৩.৪৫ ঘটিকার সময় ভাঙ্গা থানাধীন ভাঙ্গা গোলচত্বর হতে ঢাকাগামী হাইওয়ে রোডের তারাইল সলিলদিয়া ব্রিজ সংলগ্ন সার্ভিস রোডের ঢালে কয়েকজন লোক দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে হাতে-নাতে তিনজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। তারা হলেন—
১. মোঃ কামাল উকিল (৪০), থানা-রাজৈর, জেলা-মাদারীপুর
২. শাহ আলম শেখ (৩৫), থানা-রাজৈর, জেলা-মাদারীপুর (বর্তমান ঠিকানা মিরপুর, ঢাকা)
৩. মোঃ ইনছান মিয়া (২৫), থানা-দুর্গাপুর, জেলা-নেত্রকোনা (বর্তমান ঠিকানা মিরপুর, ঢাকা)
গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ২৩ জানুয়ারি ২০২৬ রাত ০০.২০ ঘটিকা থেকে সারাদিনব্যাপী অভিযান পরিচালনা করে ঢাকার ডিএমপি’র জুরাইন এলাকা থেকে আরও তিনজন ডাকাতকে গ্রেফতার করা হয়। তারা হলেন—
৪. মোঃ রাজু মন্ডল (২৮), থানা-বদলগাছী, জেলা-নওগাঁ
৫. মোঃ নুর আলম (২৩), থানা-নোয়াখালী সদর, জেলা-নোয়াখালী
৬. মোঃ উজ্জ্বল (৩০), থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা-ঢাকা
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে ডাকাতি করার উদ্দেশ্যেই উক্ত স্থানে সমবেত হয়েছিল। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি ও ডাকাতির প্রস্তুতির একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।