মাদারীপুরে আলোচিত আলমগীর হাওলাদার হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন নতুন মাদারীপুর এলাকার সর্বস্তরের জনগণ। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে রোববার (১৫ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পার হলেও এখনো মূল আসামিদের গ্রেপ্তার করা হয়নি। তারা অভিযোগ করেন, মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও প্রশাসনের দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।
বক্তারা আরও অভিযোগ করেন, লাভলু হাওলাদারের নেতৃত্বে একটি চক্র বিএনপি ও ছাত্রদলের নাম ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে। দ্রুত এসব সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মাদারীপুর সদর মডেল থানার সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়।
এ সময় বিক্ষোভকারীরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি, বিশেষ করে ফাঁসির দাবি জানান।
পরে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয় এবং কর্মসূচি শেষ হয়।
স্থানীয়দের আশা, প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনবে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনবে।