সারা দেশের মতো মাদারীপুরেও শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। জেলার ৩০টি কেন্দ্রে এবার মোট ১২ হাজার ৫১৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষাকে ঘিরে কেন্দ্রগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
মঙ্গলবার ( ২১ এপ্রিল ) সকালে মাদারীপুর শহরের ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও আলহাজ্ব আমীন উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। এ সময় তিনি পরীক্ষা কার্যক্রমের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
তিনি সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। কেন্দ্রের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়ানো হয়েছে নজরদারি।
নিরাপত্তা ব্যবস্থা ও সুন্দর পরিবেশে পরীক্ষা শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা।