ফরিদপুর জেলার সদরপুর উপজেলার সাড়ে সাত রশি বাজারে পরিচালিত বাজার মনিটরিং অভিযানে একাধিক আইন লঙ্ঘনের ঘটনা ধরা পড়েছে। ভেজাল খাদ্য প্রস্তুত ও সড়ক আইন অমান্যের দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিযানকালে দেখা যায়, কয়েকটি মিষ্টির কারখানায় ‘আমিত্তি’ তৈরিতে বিপজ্জনকভাবে কাপড়ের রং ব্যবহার করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা করা হয়। একই সঙ্গে ‘ফুড কালার’ নামে কাপড়ের রং বিক্রির অপরাধে দুই মুদী দোকানিকেও দণ্ডিত করা হয়। এ চারজনের কাছ থেকে মোট ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এদিকে অভিযানের সময় সড়কেও নজরদারি চালানো হয়। সড়ক পরিবহন আইন, ২০১৮ লঙ্ঘনের দায়ে ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন সনদ ছাড়া মোটরসাইকেল চালানো, হেলমেট ব্যবহার না করা এবং একই মোটরবাইকে তিনজন যাত্রী বহনের ঘটনায় দুই ব্যক্তিকে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত বাজার ও সড়ক মনিটরিং অব্যাহত থাকবে।
স্থানীয়রা বলছেন, এ ধরনের ধারাবাহিক অভিযান ভোক্তা অধিকার সংরক্ষণ ও সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।