দীর্ঘ ৩৯ বছর নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের পর অবসর নিলেন ফরিদপুরের সদরপুর থানার কনস্টেবল জিল্লুর রহমান। শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় সদরপুর থানা প্রাঙ্গণে তাকে ঘিরে আয়োজন করা হয় এক আবেগঘন ও সম্মানসূচক বিদায় অনুষ্ঠানের।
অনুষ্ঠানে সদরপুর থানার কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে বিদায়ী কনস্টেবল জিল্লুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ। এরপর সুসজ্জিত একটি গাড়িতে করে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়, যা উপস্থিত সকলের মাঝে সৃষ্টি করে আবেগঘন মুহূর্ত।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কর্মজীবনের দীর্ঘ সময়ে কনস্টেবল জিল্লুর রহমান সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। আইনশৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের সেবায় তার অবদান সদরপুর থানার ইতিহাসে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।
বিদায় বক্তব্যে আবেগ সংবরণ করতে না পেরে জিল্লুর রহমান বলেন,
“সদরপুর থানা আমার কাছে শুধু কর্মস্থল নয়, এটি ছিল আমার দ্বিতীয় পরিবার। সহকর্মীদের ভালোবাসা ও সম্মান আমি আজীবন মনে রাখবো।”
তিনি সকলের কাছে দোয়া কামনা করেন, যেন অবসরজীবন শান্তি, সুস্থতা ও আনন্দের সঙ্গে কাটাতে পারেন।