আগামী ৩ জানুয়ারি রাজধানীতে বড় ধরনের মহাসমাবেশ করার পরিকল্পনা করছে জামায়াতে ইসলামী। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ বিভিন্ন সামাজিক সচেতনতামূলক দাবিতে এই সমাবেশের আয়োজন করতে চায় দলটি।
এ বিষয়ে জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “৩ জানুয়ারি আমরা নির্বাচনি আচরণবিধি মেনেই সমাবেশ করতে চাই। রাজধানীর মানিকমিয়া এভিনিউ অথবা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ আয়োজনের লক্ষ্যে এরইমধ্যে বিভাগীয় কমিশনার ও নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে।”
তিনি আরও জানান, জামায়াতের প্রধান লক্ষ্য মানিকমিয়া এভিনিউতে সমাবেশ আয়োজন করা। তবে সেখানে অনুমতি না পাওয়া গেলে বিকল্প হিসেবে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করা হবে।
এর আগে সম্প্রতি দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে ঢাকায় বড় সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি দলটি।
দলীয় সূত্র জানায়, সমাবেশ সফল করতে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি সমাবেশ বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির অধীনে একাধিক সাব-কমিটিও গঠন করা হয়েছে। ইতোমধ্যে এসব কমিটি বৈঠকসহ প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে।