1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

ফরিদপুরের কানাইপুরে যৌথ অভিযানে চাঁদাবাজি সন্দেহে একজন আটক, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

মনিরুজ্জামান মনি মিয়া, ফরিদপুর
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে চাঁদাবাজির সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযানে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, অভিযানের মাধ্যমে এলাকায় দীর্ঘদিন ধরে বিরাজমান আতঙ্ক এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি অনেকটাই কমেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে অস্ত্রের ভয় দেখিয়ে আশপাশের দোকানপাটে চাঁদাবাজি করে আসছিলেন বলে অভিযোগ ছিল। তবে হুমকি ও ভীতির কারণে অনেক ভুক্তভোগী প্রকাশ্যে মুখ খুলতে পারেননি। অভিযানের পর এলাকায় স্বস্তির পরিবেশ ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সেনা সূত্রে জানা যায়, ২১ জানুয়ারি ভোর আনুমানিক ৫টা ২৫ মিনিটে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কানাইপুর এলাকায় আগ্নেয়াস্ত্র ব্যবহার করে চাঁদাবাজির বিষয়টি শনাক্ত করা হয়। একই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিকটবর্তী ভোটকেন্দ্রগুলোতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সম্ভাব্য হুমকির বিষয়টিও গুরুত্ব সহকারে বিবেচনায় নেওয়া হয়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ও স্থানীয় পুলিশের সমন্বয়ে দ্রুত যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহভাজনের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় মো. জহির মোল্লা ওরফে জহির (৩৬), পিতা: মো. লতিফ মোল্লা, গ্রাম: কানাইপুর, থানা: কোতোয়ালি, জেলা: ফরিদপুর—কে আটক করা হয়।
আটক আসামি ও উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ আইনগত প্রক্রিয়ায় ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সেনা সূত্র আরও জানায়, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদক, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে সেনাবাহিনী জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। অপরাধ দমনে সেনা ক্যাম্পগুলোকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করার জন্য সকল নাগরিকের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট