
ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও চোলাইমদসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেনসহ সংগীয় অফিসার ও ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
ডিবি পুলিশ জানায়, সোমবার (২৬ জানুয়ারি ২০২৬ইং) দুপুরে এ বিষয়ে গণমাধ্যমকে অবহিত করা হয়। এর আগে গত ২৫ জানুয়ারি ২০২৬ইং রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়া থানাধীন পলাশবাড়ি এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী বিদ্যুৎ শাহ (৩৮) কে গ্রেফতার করা হয়। সে সোহরাব মাস্টারের বাড়ির ভাড়াটিয়া। এ সময় তার কাছ থেকে ২০ (বিশ) লিটার চোলাইমদ জব্দ করা হয়।
অপর একটি অভিযানে একই তারিখ রাত ১১টার দিকে ধামরাই থানাধীন কায়েতপাড়া এলাকা থেকে এসআই (নিঃ) মোঃ আব্দুল মুত্তালিব সংগীয় ফোর্সসহ পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমান ওরফে বুচাই (৩৬) কে ৯৩ (তিরানব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
এছাড়া পৃথক আরও একটি অভিযানে একই তারিখ রাত সাড়ে ৩টার দিকে সাভার থানাধীন আমিনবাজার হিজলা এলাকা থেকে এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান সংগীয় ফোর্সসহ পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ আজগর আলী (৫৩) কে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামী মোঃ আজগর আলী (৫৩)-এর বিরুদ্ধে সিডিএমএস পর্যালোচনায় ৮ (আট) টি পূর্ববর্তী মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
গ্রেফতারকৃত তিন আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে ডিবি পুলিশ নিশ্চিত করেছে।