1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

ঈদ ও শবে কদর উপলক্ষে ১৮ মার্চ সরকারি ছুটি, টানা ৭ দিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা

নিউজ ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬

আসন্ন ঈদুল ফিতর ও শবে কদর উদযাপন উপলক্ষে আগামী ১৮ মার্চ এক দিনের বিশেষ সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। এর ফলে সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি ভোগ করার সুযোগ পাবেন।

রোববার (৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশের ৩৭ নম্বর ক্রমিকের অনুবলে সরকার আসন্ন শব-ই-কদর ও ঈদুল ফিতরের পূর্ব নির্ধারিত ছুটির মধ্যবর্তী ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে এক দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। এদিন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।

তবে জনস্বার্থ ও জরুরি সেবা সচল রাখতে বেশ কিছু খাতকে এই ছুটির আওতার বাইরে রাখা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বন্দরসমূহের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবা এবং ডাক সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মী ও যানবাহন এই ছুটির আওতামুক্ত থাকবে।

এছাড়াও হাসপাতাল ও জরুরি চিকিৎসা সেবা চালু থাকবে। চিকিৎসকসহ সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন তাদের স্বাভাবিক দায়িত্ব পালন করবেন।

ব্যাংকিং ও আদালতের কার্যক্রম সম্পর্কে প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকের কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের কার্যক্রম পরিচালনা সম্পর্কে সিদ্ধান্ত জানাবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

অন্যদিকে বেসরকারি শিল্প-কারখানা ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

চলতি বছরের ছুটির তালিকা অনুযায়ী, ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। এছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারিত রয়েছে। এর সঙ্গে ১৮ মার্চের বিশেষ ছুটি এবং ১৭ মার্চ শবে কদরের ছুটি যুক্ত হওয়ায় সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি পাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট