
মাদারীপুর সদর উপজেলার উত্তর দুধখালি এলাকায় জমি দখল ও আদালতের আদেশ অমান্যের অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়ভাবে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।
এলাকার বড় বাড়ি হাওলাদার বাড়ির বাসিন্দা বাদী আলেকজান বেগম এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি তার বসতভিটা জোরপূর্বক দখল করে নিয়েছেন এবং দীর্ঘদিন ধরে ভোগদখল থেকে তাকে বঞ্চিত করে রাখা হয়েছে। তিনি অভিযুক্ত হিসেবে ইসরাফিল হাওলাদার, ইব্রাহিম, হায়দার ও ইমারত রকমানের নাম উল্লেখ করেন।
তার দাবি, জমি সংক্রান্ত বিরোধে দায়েরকৃত মামলা (পিটিশন নং–৩০৭/২৬) বর্তমানে মাদারীপুর আদালতে বিচারাধীন রয়েছে। এ মামলায় গত ৮ এপ্রিল ২০২৬ তারিখে আদালত সংশ্লিষ্ট জমির বর্তমান অবস্থা স্থিতিশীল (Status Quo) রাখার নির্দেশ দেন। কিন্তু সেই নির্দেশনা উপেক্ষা করে সেখানে নির্মাণ কাজ চালিয়ে যাওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
আলেকজান বেগম আরও অভিযোগ করেন, তিনি ও তার পরিবার দীর্ঘদিন ধরে ওই জমিতে চাষাবাদ করে আসছিলেন। কিন্তু সম্প্রতি সেখানে কাজ করতে বাধা দেওয়া হচ্ছে। তার অভিযোগ অনুযায়ী, রবিবার সকালে আলেকজান বিবির চক এলাকায় পাট বুনতে গেলে কৃষকদের কাজ বন্ধ করতে বাধ্য করা হয় এবং ভয়ভীতি দেখানো হয়। এতে শ্রমিকরা আতঙ্কিত হয়ে কাজ বন্ধ করে স্থান ত্যাগ করেন।
তিনি বলেন, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও এমন পরিস্থিতি তৈরি হওয়ায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং স্বাভাবিক চাষাবাদ ব্যাহত হচ্ছে।
অন্যদিকে অভিযুক্ত ইসরাফিল হাওলাদার অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের জানান, জমি সংক্রান্ত বিষয়টি তারা আদালতের মাধ্যমেই সমাধান করতে চান। তিনি দাবি করেন, এ বিষয়ে ১৪৫ ধারার কার্যক্রম চলমান রয়েছে।
আদালতের নির্দেশ মেনে কাজ বন্ধ রাখার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এটা আমার সম্পত্তি, বিষয়টি আদালতেই নিষ্পত্তি হবে।”
এ বিষয়ে অন্যান্য অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে ভুক্তভোগী আলেকজান বেগম প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে তার বসতভিটা রক্ষা এবং আদালতের আদেশ কার্যকর করার দাবি জানিয়েছেন।