1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

ক্ষমতায় গেলে দারিদ্র্য দূর করতে ৪ কোটি মানুষকে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি

সজল হাওলাদার, ফরিদপুর
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

ক্ষমতায় গেলে দারিদ্র্য দূর করতে ৪ কোটি মানুষকে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ (সদরপুর–ভাঙ্গা–চরভদ্রাসন) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল।

তিনি বলেন, এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর জন্য কার্যকর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং দেশ থেকে দারিদ্র্য দূর করার উদ্যোগ নেওয়া হবে।

রোববার (২৫ জানুয়ারি) রাত ৯টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাফরের বাড়িতে আয়োজিত বিএনপির নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহিদুল ইসলাম খান বাবুল বলেন, “এই নির্বাচন এমনি এমনি আসেনি। ভোটের অধিকার আদায়ে অনেক রক্ত ঝরাতে হয়েছে, বহু মানুষ গুম হয়েছেন। যাদের সঙ্গে একসঙ্গে রাজনীতি করেছি, তাদের অনেকেই আজ নেই। আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রেখেছেন আপনাদের ও দেশের মানুষের সেবা করার জন্য।”

তিনি আরও বলেন, “আমি একজন সাধারণ কৃষক পরিবারের সন্তান। জাতীয়তাবাদী চেতনায় লড়াই-সংগ্রাম করে রাজনীতি করেছি। গণতন্ত্র ও ভোটের অধিকার আদায়ে আন্দোলন করেছি, জেল-জুলুম সহ্য করেছি। তবুও কখনো আদর্শ থেকে পিছপা হইনি।”

উঠান বৈঠকে যুবদল নেতা বিল্লাল পেয়াদারের সঞ্চালনায় এবং অ্যাডভোকেট হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলমগীর কবির, ঢাকা মহানগর উত্তর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন রুমি, জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনু, সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজ্জামান, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, সাবেক সভাপতি মোকলেসুর রহমান, যুগ্ম আহ্বায়ক বাহালুল মাতুব্বরসহ কয়েক হাজার বিএনপির নেতাকর্মী ও সাধারণ ভোটার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট