
দেশব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে হাওড় বেষ্টিত নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নে মেঘনা নদীর “কাইঞ্জার খাল” খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১০ টা ২ হাজার ৫০০ মিটার এ খাল খননের কর্মসূচি শুভ উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া -১ নাসিরনগর আসনের সংসদ সদস্য এম এ হান্নান।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতায় এ খাল খনন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন, নাসিরনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী আকাশ দত্ত, নাসিরনগর থানার তদন্ত কর্মকর্তা কৃষ্ণ লাল , নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন, সাংগঠনিক সম্পাদক এড. আলী আজম চৌধুরী, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, হাজী তারেক মিয়া, বাচ্চু মিয়া, নাসির রহমান, আব্দুল কাদের, সোহাগ চৌধুরী, পনি চৌধুরী, খাইরুল বাশার সহ রাজনৈতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য এম এ হান্নান বলেন, “খাল খনন কার্যক্রম শুধু পানি নিষ্কাশনের পথই সুগম করবে না, এটি কৃষি উৎপাদন বৃদ্ধি বিশেষ করে হাওড় অঞ্চলের বোরো মৌসুমে ধান উৎপাদনে ও পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকার ঘোষিত এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ জনপদের জীবনমান উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।”
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় বোরো মৌসুমে কৃষি সেচে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। খালটি পুনঃখনন হলে এলাকার কৃষি ও পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশা করছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ গ্রহণের ফলে এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং কৃষিনির্ভর জনগোষ্ঠী সরাসরি উপকৃত হবে উৎপাদন বৃদ্ধি পাবে।