
ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী স্থপতি মুজাহিদ বেগ চরভদ্রাসনে নৌ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং ব্যক্তিগত অর্থায়নে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন।
বুধবার সকাল ১১টার দিকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের টিলারচর ও সবুল্লা সিকদারের ডাঙ্গী এলাকায় একটি বাল্কহেড থেকে পড়ে পদ্মা নদীতে নিখোঁজ হন আরিফ শেখ (৪৬) নামে এক সুকানী। নিখোঁজ আরিফ শেখ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শোলমারী গ্রামের মজিবর শেখের ছেলে। তিনি চার ভাইবোনের মধ্যে সবার বড় এবং বিবাহিত। তার এক মেয়ে ও দুই ছেলে রয়েছে।
নিখোঁজের স্বজনরা জানান, আরিফ শেখ দীর্ঘদিন ধরে ওই বাল্কহেডে সুকানী হিসেবে কাজ করে আসছিলেন। তার খালু আবুল সরকার জানান, গত মঙ্গলবার বিকেলে বালু বোঝাই বাল্কহেডটি ফরিদপুর সদরের সিএনবি ঘাট নৌবন্দরের উদ্দেশ্যে রওনা হলে অসাবধানতাবশত তিনি বাল্কহেড থেকে পড়ে পদ্মা নদীতে তলিয়ে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।
ঘটনার খবর পেয়ে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী স্থপতি মুজাহিদ বেগ দুর্ঘটনাকবলিত এলাকা পরিদর্শন করেন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধার তৎপরতা তদারকি করেন। তিনি নিখোঁজ আরিফ শেখের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।
এ সময় মুজাহিদ বেগ ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ও প্রশাসনের ভূমিকার প্রশংসা করে ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি নিজ উদ্যোগে পারিবারিক অর্থায়নে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন এবং আর্থিক সহযোগিতার জন্য চরভদ্রাসন উপজেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
এ ঘটনায় এলাকার সুশীল সমাজ ও উপস্থিত সাধারণ মানুষ মুজাহিদ বেগের মানবিকতা ও সহানুভূতিশীল ভূমিকার প্রশংসা করেন। তারা বলেন, এমন ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।
নিখোঁজ আরিফ শেখের সন্ধানে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট সংস্থার উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।