
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৩ (মোহনপুর-পবা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ গণসংযোগে ব্যাপক জনসমর্থন পেয়েছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকালে পবা উপজেলার কাটাখালী পৌরসভা ও হরিয়ান ইউনিয়ন দিনব্যাপী গণসংযোগ করেন ।
গণসংযোগকালে অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, জনগণের দোরগোড়ায় গিয়ে কথা বলা এবং তাদের সমস্যা শোনা গণতান্ত্রিক রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তিনি বলেন, পবা উপজেলার সব শ্রেণি-পেশার মানুষ আজ দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন। সাধারণ জনগণের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে—তারা একটি সৎ, ন্যায়ভিত্তিক ও উন্নয়নমুখী নেতৃত্ব প্রত্যাশা করছেন।
তিনি আরও জানান, নির্বাচিত হলে পবা উপজেলার রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের আধুনিকায়ন এবং ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি মসজিদের ইমাম, পুরোহিত ও ধর্মীয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সম্মানজনক ভাতা প্রদানের ব্যবস্থা করা হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।
গণসংযোগ চলাকালে বিভিন্ন ওয়ার্ডে নারী-পুরুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের অবহেলিত সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে এলাকার রাস্তাঘাটের বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। অনেকেই অভিযোগ করেন, বারবার সংস্কারের নামে অনিয়ম ও দুর্নীতির শিকার হওয়ায় সমস্যার স্থায়ী সমাধান হয়নি। ফলে প্রতিদিন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানান স্থানীয়রা।
এ বিষয়ে অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, জনগণের এসব অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জামায়াতে ইসলামী নির্বাচিত হলে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে দ্রুত এসব সমস্যার সমাধান করা হবে। জনগণের কথা শোনা এবং বাস্তবসম্মত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়েই একটি কল্যাণমুখী সমাজ গড়ে তোলাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।
গণসংযোগে স্থানীয় ছাত্রশিবির, জামায়াতে ইসলামী নেতাকর্মী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন।