
জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতার কারণে দেশের পেট্রোল পাম্পগুলো যেকোনো সময় বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
রোববার (২২ মার্চ) রাতে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ আশঙ্কার কথা জানানো হয়।
বার্তায় বলা হয়, সারাদেশের পেট্রোল পাম্পগুলোর অবস্থা বর্তমানে অত্যন্ত নাজুক। তেল কোম্পানিগুলোর সরবরাহকৃত দৈনিক জ্বালানি দিয়ে ক্রেতাদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। ফলে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।
এদিকে দীর্ঘ সময় বিরামহীনভাবে কাজ করতে গিয়ে পাম্পের কর্মচারীরাও শারীরিক ও মানসিক চাপে পড়ছেন। পর্যাপ্ত জ্বালানি সরবরাহের অভাবে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে বলে জানিয়েছে সংগঠনটি।
সংগঠনটির দাবি, জ্বালানি বিপণন ব্যবস্থায় নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় পাম্পগুলোতে বিশৃঙ্খলা বাড়ছে। তেল বিক্রির সময় কার্যকর কোনো নিরাপত্তা ব্যবস্থা না থাকায় অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণহীন পরিস্থিতি তৈরি হচ্ছে।
তারা আরও জানায়, ঈদের আগের দিন একটি জেলা শহরের একটি পাম্পে প্রায় ১০ হাজার ৫০০ লিটার পেট্রোল ও সমপরিমাণ অকটেন মজুত ছিল। অন্য একটি পাম্পে ছিল প্রায় ৮ হাজার লিটার জ্বালানি। স্বাভাবিক অবস্থায় এসব জ্বালানি কয়েকদিনে বিক্রি হওয়ার কথা থাকলেও অতিরিক্ত চাপ ও বিশৃঙ্খলার কারণে অল্প সময়েই শেষ হয়ে যায়।
এ পরিস্থিতিকে সংগঠনটি এক ধরনের “লুটতরাজ” হিসেবে উল্লেখ করেছে এবং দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করা ও নিরাপত্তা জোরদারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।