1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

ডুমাইনে অবৈধ অস্ত্র তৈরির কারখানায় সেনা অভিযান, পাইপ গান ও কার্তুজসহ আটক ১

মনিরুজ্জামান মনি মিয়া, বোয়ালমারী
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন এলাকায় অবৈধভাবে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির অভিযোগে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক অভিযানে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ একজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেল ৫টা ২৫ মিনিটে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ও স্থানীয় পুলিশের সমন্বয়ে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ডুমাইন এলাকার বাদল সরকার (৫২), পিতা—মৃত মিতাই সরকার, গ্রাম—ডুমাইন, ইউনিয়ন—ডুমাইন, উপজেলা—মধুখালী, জেলা—ফরিদপুরকে তার বসতবাড়ি থেকে আটক করা হয়।

অভিযানকালে তার নিজস্ব ওয়ার্কশপ তল্লাশি করে একটি সিঙ্গেল ব্যারেল পাইপ গান, একটি ১২ গেজ কার্তুজ এবং অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে—১৪টি রিকয়েল স্প্রিং, ২টি হ্যামার, ১টি ড্রিল মেশিন, ১টি প্লায়ার্স, ১টি ব্লোয়ার ও ১টি হ্যাক স’।

সেনা সূত্রে জানা যায়, ডুমাইন এলাকায় দীর্ঘদিন ধরে দেশীয় অস্ত্র প্রস্তুত ও সরবরাহের বিষয়ে মধুখালী আর্মি ক্যাম্পে একাধিক অভিযোগ আসছিল। স্থানীয় সূত্রের তথ্যমতে, বাদল সরকার নিয়মিতভাবে নিজের তৈরি ওয়ার্কশপে অস্ত্র প্রস্তুত করে ফরিদপুরের বিভিন্ন এলাকার দুর্বৃত্তদের কাছে সরবরাহ করতেন। এসব অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজি, ডাকাতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগ রয়েছে।

এছাড়াও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি ও নির্বাচন বানচালের উদ্দেশ্যে অস্ত্র তৈরির অর্ডার দেওয়া হয়েছে—এমন তথ্য পাওয়ার পরই অভিযান জোরদার করা হয় বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, বাদল সরকারের বিরুদ্ধে এর আগেও অস্ত্র সংক্রান্ত একাধিক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে নজরদারিতে ছিলেন।

আটক আসামি ও উদ্ধারকৃত অস্ত্র-সরঞ্জামাদি আইনগত প্রক্রিয়ায় মধুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং এ ঘটনায় জড়িত সম্ভাব্য ক্রেতা ও সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত চলমান রয়েছে।

সেনা সূত্র আরও জানায়, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদক, চাঁদাবাজি ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে সেনাবাহিনী। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট