
দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার পরদিনই বাবা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় ১৯ বছর পর বাবার স্মৃতিধন্য এই স্থানে ফিরে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ জিয়ার কবরে পৌঁছান তারেক রহমান। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি দোয়া-মোনাজাতে অংশ নেন তিনি। মোনাজাত শেষে বাবার কবরের পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারেক রহমান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সর্বশেষ ২০০৬ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে শহীদ জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছিলেন তারেক রহমান। এরপর রাজনৈতিক পটপরিবর্তন ও দীর্ঘ প্রবাস জীবনের কারণে আর এখানে আসা সম্ভব হয়নি।
এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরেন তারেক রহমান। ফেরার দিন রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় বিএনপির দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন তিনি। পরে অসুস্থ মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান এবং সেখান থেকে নিজ বাসভবনে ফেরেন।
তারেক রহমানের জিয়ারতকে কেন্দ্র করে শুক্রবার দুপুর থেকেই চন্দ্রিমা উদ্যান ও শহীদ জিয়ার মাজার এলাকায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। ব্যানার-ফেস্টুন হাতে কয়েক হাজার নেতাকর্মী সেখানে অবস্থান নেন। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, বিজিবি, আনসারসহ সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়।
জিয়ারতকালে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতারা। কবর জিয়ারত শেষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর কথা রয়েছে তারেক রহমানের।