
অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ব্যবস্থা নিশ্চিত ও প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুরে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেলে জেলা প্রশাসক চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিপ্লব কুমার মালোর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিএসকেনের কো-অর্ডিনেটর মোহাম্মদ মাহফুজুর রহমান, বাক ও শ্রবণ প্রতিবন্ধী প্রতিনিধি আইভী ফাউজিয়া সমাপ্তি, শামসুল আলম, জসিম মাতব্বর ও সুশান্ত কুমার রায়। অনুষ্ঠানে একাত্মতা প্রকাশ করেন বিএনপি ফরিদপুর সদর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী চৌধুরী নায়াব ইউসুফের পুত্র আশিয়ান আহমেদ।
বক্তারা বলেন, জেলায় প্রায় ৬ হাজার প্রতিবন্ধী ভোটার রয়েছেন। তাদের অনেকেই শারীরিক, দৃষ্টি বা শ্রবণ প্রতিবন্ধকতার কারণে ভোটকেন্দ্রের ওপরের তলায় গিয়ে ভোট দিতে সমস্যার সম্মুখীন হন। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের নিচতলায় ভোটদানের ব্যবস্থা করা এবং প্রতিবন্ধীদের জন্য আলাদা ও অগ্রাধিকার লাইন চালুর দাবি জানান তারা।
এছাড়া ভোটকেন্দ্রে কোনো ধরনের হয়রানি ছাড়াই যেন প্রতিবন্ধীরা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে নির্বাচন কমিশন ও সরকারের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।
সমাবেশে জেলার বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।