
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বাংলাদেশ আখচাষী ইউনিয়নের জাতীয় কমিটির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) উপজেলার কৃষ্ণপুর সোহেল স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।
বাংলাদেশ আখচাষী ইউনিয়নের জাতীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা জামায়াতের আমির মোঃ আমিনুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক সুমন চৌধুরী, সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুক্তার হোসেন, উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী মোঃ হামিদুর রহমানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ এবং সেতাবগঞ্জ চিনিকলের আখচাষীরা।
আলোচনা সভায় বক্তারা আখচাষীদের ন্যায্য দাবি-দাওয়া তুলে ধরেন এবং কৃষি খাতের সার্বিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মোঃ ইসমাইল হোসেন বলেন, “সেতাবগঞ্জ সুগার মিল দ্রুত চালু করা এখন সময়ের দাবি। মিলটি চালু হলে আখচাষীরা তাদের ন্যায্য মূল্য পাবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।”
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনার মাধ্যমে ইফতার মাহফিল সম্পন্ন হয়।