
ফরিদপুরের ভাঙ্গায় চলন্ত ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকার পুকুরে পড়ে চালকসহ পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ভঙ্গা উপজেলার পৌর সদরের ২ নং ওয়ার্ড (নওপাড়া) জান্দি এলাকায় এ ভয়াবহ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী নকশীকাঁথা ট্রেনটি দুপুর আড়াইটার দিকে ওই এলাকা দিয়ে যাচ্ছিল। একই সময় গ্রামীণ সড়কের অরক্ষিত রেলক্রসিংয়ের ওপর উঠে যায় প্রাইভেটকারটি। এসময় ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারটি ছিটকে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। আহতরা হলেন- সিটি ব্যাংক ঢাকা শ্যামল শাখার কর্মকর্তা সঞ্জীব ঘোষ, ঢাকার ব্যবসায়ী মেহেদী আল আমিন, ভাঙ্গার ব্যবসায়ী আলম মিয়া ও প্রাইভেট কার চালক রুবেল হোসেন।
এ ঘটনায় প্রাইভেটকারটির একপাশের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও আরোহীরা বেঁচে যান। তবে আহত হন চালকসহ পাঁচ যাত্রী।
স্থানীয়দের অভিযোগ, গত কয়েকমাসে একই স্থানে একাধিক দুর্ঘটনা ঘটেছে। একটি নসিমনের চার যাত্রী ঘটনাস্থলে মারা যায় গত ৬ মাস আগে। ভাঙ্গা উপজেলা থেকে নওপাড়া হয়ে পার্শ্ববর্তী সদরপুর উপজেলায় যাতায়াত পথ সহজ হয় এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করে থাকে। এই দুর্ঘটনাকবলিত স্থানে রেল গেট জরুরি ভিত্তিতে প্রয়োজন।
বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর বলেন, খবর পেয়ে দ্রুত আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেয়া হয়। তবে কেউ গুরুতর আঘাত পাননি। প্রাইভেটকারটি উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।