
ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার দক্ষিণ ছোলনা এলাকায় ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন ও মজুদের বিরুদ্ধে যৌথবাহিনী ও প্রশাসনের বিশেষ অভিযানে একটি অবৈধ খাদ্য কারখানা ও গুদাম সিলগালা করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ ভেজাল ও নিম্নমানের খাদ্যদ্রব্য জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
জানা যায়, রোববার (১৮ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ২টা ০০ মিনিটে ৯ পদাতিক ডিভিশনের ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনস্থ ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের বোয়ালমারী আর্মি ক্যাম্পের নেতৃত্বে স্থানীয় প্রশাসন ও পুলিশের সমন্বয়ে একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ ছোলনা এলাকায় অবস্থিত একটি খাদ্য কারখানা ও গুদামে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে দেখা যায়, কারখানাটি সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্যসহ বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য উৎপাদন ও সংরক্ষণ করছিল। এছাড়া নামকরা বিভিন্ন কোম্পানির প্যাকেট ও লোগো নকল করে ভেজাল ও নিম্নমানের খাদ্যদ্রব্য বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়।
অভিযানে আনুমানিক ১০ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন ধরনের ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য জব্দ করা হয়, যা ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ভেজাল খাদ্য উৎপাদন ও সংরক্ষণের অপরাধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিক বাহারুল ইসলাম (৪৫)-কে নগদ ১ লক্ষ টাকা জরিমানা করেন। পাশাপাশি ভেজাল ও নিম্নমানের খাদ্য উৎপাদনকারী উক্ত কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।
যৌথবাহিনী ও প্রশাসনের এ অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পেয়েছে। স্থানীয়রা জানান, ভেজাল খাদ্য মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। সেনাবাহিনী, প্রশাসন ও পুলিশের সমন্বিত অভিযানের ফলে এ ধরনের অপরাধ দমন সম্ভব হচ্ছে, যা জনমনে আস্থা ও নিরাপত্তা ফিরিয়ে আনছে।
এ সময় যৌথবাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্য রক্ষায় ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত ও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।
পরবর্তীতে অভিযানের সকল আইনগত কার্যক্রম নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সম্পন্ন করা হয় এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিদ্যমান খাদ্য নিরাপত্তা ও ভেজালবিরোধী আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।