
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলনের পক্ষে সৃষ্টি হয়েছে ব্যাপক গণজোয়ার। এলাকাজুড়ে চলমান গণসংযোগ ও প্রচারণায় ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্পষ্ট হয়ে উঠছে—এ আসনে ধানের শীষের বিজয় প্রায় নিশ্চিত।
স্থানীয় ভোটার ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পবা ও মোহনপুর উপজেলার গ্রাম থেকে শুরু করে হাট-বাজার—সবখানেই ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক সাড়া মিলছে। এলাকাবাসীর দাবি, রাজশাহী বিভাগের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হবেন অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
প্রচারণাকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার ও উন্নয়ন রূপরেখা তুলে ধরে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন অ্যাডভোকেট মিলন। তিনি বলেন,
“আমি নির্বাচিত হলে ভোটারদের কাছে যেসব অঙ্গীকার করেছি, ইনশাআল্লাহ সেগুলোর বাস্তবায়ন নিশ্চিত করব। পবা-মোহনপুরের মানুষের ন্যায্য অধিকার, উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, মাঠ পর্যায়ে প্রতিনিয়ত গণসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের কথা শুনছেন এবং অভূতপূর্ব সাড়া পাচ্ছেন।
“মানুষ পরিবর্তন চায়, সুষ্ঠু নেতৃত্ব চায়। সেই প্রত্যাশা থেকেই তারা ধানের শীষের পাশে দাঁড়াচ্ছে,”—যোগ করেন তিনি।
এদিকে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা জানান, সাধারণ মানুষের এই সমর্থন প্রমাণ করে রাজশাহী-৩ আসনে ধানের শীষের বিজয় শুধু সময়ের অপেক্ষা। তাদের বিশ্বাস, ভোটের দিন জনগণের রায়ে অ্যাডভোকেট শফিকুল হক মিলন বিপুল ভোটে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে পবা-মোহনপুরের কণ্ঠস্বর হয়ে উঠবেন।