
সজল হাওলাদার, ফরিদপুর:
ফরিদপুরের সদরপুর উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্র ও মাদকসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) বিকেলে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চর ঠেঙ্গামারী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি সেখ সাদি (৩৮)। তিনি ওই গ্রামের মৃত আঃ কাদের কারীর পুত্র। আইনশৃঙ্খলা বাহিনীর একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
অভিযানকালে বাড়ির একটি পরিত্যক্ত ঘর তল্লাশি করে ১টি খেলনা পিস্তল, ২ রাউন্ড তাজা গুলি, ৩টি দেশীয় অস্ত্র এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য—৪২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও মাদক জব্দ করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গ্রেপ্তারকৃত সেখ সাদি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত কার্যক্রম শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
যৌথ বাহিনীর এ অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানান স্থানীয়রা। তারা মাদক ও অস্ত্রবিরোধী অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।