1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে ফরিদপুর-১ আসনে উৎসবমুখর প্রস্তুতি, ঢাকায় যাচ্ছেন হাজারো নেতাকর্মী

বিপ্লব কুমার দাস, নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে ফরিদপুর-১ আসনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এ কর্মসূচিতে অংশ নিতে ফরিদপুর-১ আসনের তিনটি উপজেলা থেকে অন্তত পাঁচ হাজারের বেশি নেতাকর্মী ও সমর্থক ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

এ তথ্য নিশ্চিত করেছেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম। তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ঘটনা। এ স্মরণীয় আয়োজনের সাক্ষী হতে ফরিদপুর-১ আসনের নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ঢাকামুখী হচ্ছেন।”

তিনি আরও জানান, কর্মসূচিকে সফল করতে ইতোমধ্যে ফরিদপুর-১ আসন থেকে ৩০টি বাস ও অন্যান্য পরিবহন ভাড়া করা হয়েছে। পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটরসাইকেল এবং ট্রেনযোগে বহু নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন। এতে করে অংশগ্রহণকারীর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ফরিদপুর-১ আসনের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে একাধিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভায় নেতাকর্মীরা ঢাকায় গিয়ে কর্মসূচিতে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।

স্থানীয় বিএনপি নেতারা জানান, তারেক রহমানের প্রত্যাবর্তন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে বলে তারা বিশ্বাস করেন। এ কারণেই ফরিদপুর-১ আসনের নেতাকর্মীরা দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সর্বাত্মকভাবে এ কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

এদিকে নেতাকর্মীদের ঢাকামুখী যাত্রাকে কেন্দ্র করে ফরিদপুরের বিভিন্ন এলাকায় ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখর হয়ে উঠেছে রাজপথ। অনেক জায়গায় আনন্দ-উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।

দলীয় নেতাদের আশা, ফরিদপুর-১ আসন থেকে হাজারো নেতাকর্মীর সক্রিয় অংশগ্রহণ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কর্মসূচিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট