1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

এনসিপি নেতা মোতালেব সিকদারকে গুলিবিদ্ধের ঘটনায় প্রধান আসামি ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

খুলনা মহানগরীতে এনসিপি নেতা মোতালেব সিকদার (৪২)কে গুলিবিদ্ধ করার ঘটনার অন্যতম আসামি ডি.কে শামীম ওরফে ঢাকাইয়া শামীমকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬।

র‍্যাব-৬ সূত্রে জানা যায়, গতকাল রাতে (২৬ ডিসেম্বর ২০২৫) র‍্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল খুলনা মহানগরীর বসুপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গুলি নিক্ষেপকারী সন্ত্রাসী ডি.কে শামীম ওরফে ঢাকাইয়া শামীম (৩২)কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত শামীমের পিতা শামসুল হক, মাতা সালেহা বেগম। তার বাড়ি গোবরচাকা গ্রামে, থানা সোনাডাঙা, জেলা খুলনা।

র‍্যাব জানায়, ডি.কে শামীমের বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় মাদক, দস্যুতা ও বিশেষ ক্ষমতা আইনে মোট সাতটি মামলা রয়েছে।

একই অভিযানে শামীমের সহযোগী মাহাদিন (২১)কেও গ্রেপ্তার করা হয়েছে। মাহাদিনের পিতা মৃত শেখ ইব্রাহিম ও মাতা তাসলিমা বেগম। তার বাড়িও গোবরচাকা গ্রামে, থানা সোনাডাঙা, জেলা খুলনা। র‍্যাবের তথ্যমতে, গুলি নিক্ষেপের সময় মাহাদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে খুলনা মহানগরীর ১০৯ মজিদ সরণীর আল আকসা মসজিদ গলির ‘মুক্তা হাউজ’ নামক ভবনের নিচতলায় অবস্থানকালে অজ্ঞাতনামা ৪/৫ জন সন্ত্রাসী মোতালেব সিকদারকে গুলি করে হত্যাচেষ্টা চালায়। এ ঘটনায় মোতালেব সিকদারের স্ত্রী রহিমা আক্তার বাদী হয়ে সোনাডাঙা মডেল থানায় অজ্ঞাতনামা ৬/৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মহানগরীর সোনাডাঙা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৬ সূত্রে আরও জানানো হয়, এ ঘটনায় জড়িত বাকি আসামিদের আইনের আওতায় আনতে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট