
যৌথ বাহিনীর অভিযানে ফরিদপুরের সদরপুর উপজেলায় একটি পরিত্যক্ত স্থান থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার পুরাতন সাব-রেজিস্টার অফিস চত্বরে অবস্থিত একটি পরিত্যক্ত বাথরুমে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি রিভলবার, এক রাউন্ড তাজা গুলি, একটি ম্যাগাজিন এবং চারটি বোমা উদ্ধার করা হলেও ঘটনাস্থলে কাউকে আটক করা যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালায়। পরিত্যক্ত বাথরুমের ভেতর একটি কালো ব্যাগে বোমা সদৃশ বস্তু এবং পাশে আরেকটি কাপড়ের পোটলায় একটি কাপড়ের ব্যাগের ভেতর রিভলবার পাওয়া যায়। উদ্ধারকৃত বোমাগুলো পরীক্ষা করে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল নিশ্চিত করে যে সেগুলো তাজা। পরে নিরাপত্তার স্বার্থে বোমাগুলো বালতির পানিতে ভিজিয়ে রাখা হয়।
ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাওন শরীফসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ বিষয়ে সদরপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল আল মামুন শাহ বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। উদ্ধারকৃত অস্ত্র ও বোমা থানায় হস্তান্তর করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।