1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

ভালোবাসার টানে দক্ষিণ আফ্রিকার তরুণীর সঙ্গে মাদারীপুরের যুবকের বিয়ে, এলাকায় আলোচনার ঝড়

হাবিবুর রহমান সুমন, মাদারীপুর
  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

এক বছরের প্রেম, এরপর বিয়ে। ভালোবাসার টানে সুদূর দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশের মাটিতে ছুটে এসেছেন এক তরুণী। উঠেছেন শ্বশুরবাড়িতে। ঘটনাটি ঘিরে মাদারীপুরের ডাসার উপজেলায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
ভাগ্যের চাকা পরিবর্তনের আশায় প্রায় ৭ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান ডাসার উপজেলার যুবক সজীব বেপারী। কেপটাউন সিটির আলেকজান্ডার এলাকায় একটি সুপারশপের ব্যবসা শুরু করেন তিনি। সেখানে চার বছর আগে পরিচয় হয় দক্ষিণ আফ্রিকার নাগরিক ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার মাহেরা দত্তএ’র সঙ্গে। পরিচয় থেকে সখ্যতা, পরে তা গড়ায় প্রেমে।
দীর্ঘ সম্পর্কের পর ২০২৩ সালের ১৮ জুন পরিবারের সম্মতিতে বিয়ে করেন সজীব ও মাহেরা। তাদের সংসার আলো করে জন্ম নেয় এক কন্যাসন্তান। সম্প্রতি শ্বশুরবাড়ি দেখতে স্বামী ও সন্তানকে নিয়ে বাংলাদেশে আসেন মাহেরা।
দেশে আসার পর সজীবের পরিবার আয়োজন করে বিবাহোত্তর অনুষ্ঠান। গায়ে হলুদ থেকে শুরু করে বৌভাত পর্যন্ত ছিল সব আয়োজন। এমন বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দক্ষিণ আফ্রিকার এই তরুণী। তিনি জানান, বাংলাদেশ ও এখানকার মানুষের আন্তরিকতায় তিনি অভিভূত।
সজীব বেপারী মাদারীপুরের ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের দক্ষিণ ভাউতলী গ্রামের বাসিন্দা। তিনি সাবেক ইউপি সদস্য মিন্টু বেপারী ও গৃহিণী লিপি বেগমের বড় ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, চলতি মাসের শেষ দিকে স্ত্রী ও সন্তানকে নিয়ে আবার দক্ষিণ আফ্রিকায় ফেরার কথা রয়েছে সজীবের।
দক্ষিণ আফ্রিকার নাগরিক মাহেরা দত্তএ বলেন, সজীব খুবই ভালো মানুষ। তার সঙ্গে কথা বলে আনন্দ পেতাম। একসময় ভালোবাসা তৈরি হয়, এরপর পরিবার রাজি হলে আমাদের বিয়ে হয়। বাংলাদেশের মানুষ খুব আন্তরিক ও ভালো মনের।
ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নেপাল ও ইতালির পর এবার দক্ষিণ আফ্রিকার তরুণীর সঙ্গে বাংলাদেশি যুবকের বিয়ে ডাসার উপজেলায় কৌতূহলের জন্ম দিয়েছে। বিদেশি পুত্রবধূকে এক নজর দেখতে প্রতিদিনই সজীবের বাড়িতে ভিড় করছেন পাড়াপ্রতিবেশীসহ বিভিন্ন এলাকার মানুষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট