
ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ কোনো একক ধর্ম, মতবাদ, অঞ্চল কিংবা নির্দিষ্ট কোনো জনগোষ্ঠীর সংগঠন নয় বলে জানিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।
ঢাকার গুলশানে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
আল্লামা ইমাম হায়াত বলেন, ইনসানিয়াত বিপ্লব হলো জীবনের স্রষ্টার আলোকে মানবজীবনের সত্যভিত্তিক অস্তিত্ব, অখণ্ড মানবতা এবং মুক্ত দুনিয়ার প্রাকৃতিক দিকদর্শন। এটি মানবজীবনের স্রষ্টাপ্রদত্ত মৌলিক আত্মিক, রাজনৈতিক ও প্রাকৃতিক জীবনব্যবস্থার রূপরেখা।
তিনি বলেন, ইনসানিয়াত বিপ্লব ভ্রষ্টতামুক্ত মানবজীবনের চিরন্তন সূত্র। এই আন্দোলন মানুষকে কেবল দেহ ও প্রবৃত্তিনির্ভর জীবন থেকে বের করে বিবেকবোধসম্পন্ন, ন্যায়-অন্যায়ের পার্থক্যকারী এবং মানবিক চেতনায় উদ্বুদ্ধ মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করে।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বস্তুবাদী চিন্তা ও জাতীয়তাবাদের অন্ধকারে মানবসত্তা ও মানবিক চেতনা ধ্বংস হচ্ছে। ইনসানিয়াত বিপ্লব এই আত্মিক ও মানবিক মৃত্যুর বিরুদ্ধে আত্মরক্ষার আন্দোলন এবং সকল মানুষের আত্মিক অস্তিত্ব রক্ষার সংগঠন।
ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান জানান, এই বিপ্লব মানবসত্তার পুনরুজ্জীবনের পাশাপাশি মহান স্রষ্টা ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত মানবিক অধিকার, আত্মমালিকানা ও দুনিয়ার সম্মিলিত মালিকানার ভিত্তিতে মানবতার খেলাফত পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন।
তিনি দাবি করেন, ইনসানিয়াত বিপ্লব সত্য ও মানবতার মুক্তির লক্ষ্যে সব মানুষের নিরাপত্তা, অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করে সর্বজনীন মানবতার রাষ্ট্র গঠনের উদ্দেশ্যে কাজ করছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত সকল প্রার্থীকে বৈধতা অর্জনের জন্য অভিনন্দন জানিয়ে আল্লামা ইমাম হায়াত সত্য ও মানবতায় বিশ্বাসী জনগণের প্রতি ‘আপেল’ প্রতীকে ভোট দিয়ে মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠায় অংশগ্রহণের আহ্বান জানান।