
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নের অংশ হিসেবে ফরিদপুরের সদরপুর উপজেলায় পদ্মানদীতে স্থাপিত অবৈধ বাঁধ উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে মৎস্য বিভাগ।
সোমবার (১২ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী পরিচালিত এ অভিযানে সদরপুর উপজেলার আকোটের চর ও নারিকেলবাড়িয়া ইউনিয়ন সংলগ্ন পদ্মানদীর তিনটি পৃথক স্থানে স্থাপিত আড়াআড়ি অবৈধ বাঁধ উচ্ছেদ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান। এ সময় আকোটের চর পুলিশ ফাঁড়ির একটি চৌকস দলসহ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান জানান, নদীর স্বাভাবিক জলপ্রবাহ বজায় রাখা, মাছের প্রজনন ও অবাধ চলাচল নিশ্চিত করা এবং মৎস্য আইন কার্যকর করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরও বলেন, ভবিষ্যতেও নদী ও মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।