
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে শতকোটি টাকা মূল্যের একটি অত্যন্ত মূল্যবান কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে র্যাব-১০। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, রোববার (১৮ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ মধ্যপাড়া এলাকায় র্যাব-১০-এর একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে ওই এলাকার বাসিন্দা আকবার মোল্লার ছেলে সাদ্দাম মোল্লার বাড়ির দক্ষিণ পাশে অবস্থিত একটি পুকুর থেকে প্রায় ১২৫ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক ধারণা অনুযায়ী, উদ্ধারকৃত মূর্তিটি অত্যন্ত প্রাচীন এবং গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। আন্তর্জাতিক বাজারে এর আনুমানিক মূল্য শতকোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ সময় মূর্তির সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে সাদ্দাম মোল্লাকে আটক করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আলফাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরও জানায়, উদ্ধারকৃত কষ্টি পাথরের মূর্তিটি সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই শেষে প্রত্নসম্পদ সংরক্ষণ আইনের আওতায় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।