
মোঃ শহিদুল ইসলাম বাবুল সদরপুর উপজেলায় একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন। শনিবার (বিকেল সাড়ে ৪টা) উপজেলা প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি আকোটেরচর ইউপি বর্ডার ধলা শিকদারের বাড়ি থেকে কাঁচিকাটা খাল সড়ক বিসি দ্বারা উন্নয়ন কাজের আনুষ্ঠানিক সূচনা করেন।
১২৯৩ মিটার দৈর্ঘ্যের এ সড়কটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১,৪৩,০৪,৩৪৯.০০ টাকা এবং চুক্তি মূল্য ১,৩৫,৮৯,১১৩.৫৫ টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সদরপুরের বাস্তবায়নে প্রকল্পটি নির্মাণ করছে ফরিদপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হাবিব এন্টারপ্রাইজ।
উদ্বোধনী বক্তব্যে এমপি শহিদুল ইসলাম বাবুল বলেন, “গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। এ সড়ক নির্মাণ সম্পন্ন হলে এলাকার মানুষের যাতায়াত সহজ হবে, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হবে এবং কৃষিপণ্য পরিবহনে সময় ও খরচ কমবে।”
তিনি আরও জানান, সরকারের চলমান উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে পর্যায়ক্রমে সদরপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার ও নতুন করে নির্মাণ করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ, সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান, যুগ্ম আহ্বায়ক মোঃ বাহালুল মাতুব্বর, ইউপি চেয়ারম্যান মো. গোলাম কাউছাসহ বিএনপির নেতৃবৃন্দ।
স্থানীয় বাসিন্দারা সড়কটির দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে সরকারের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।