
বস্তুর ঊর্ধ্বে মানবসত্তার প্রবক্তা ও বিশ্ব সুন্নী আন্দোলন–এর প্রতিষ্ঠাতা এবং বিশ্ব ইনসানিয়াত বিপ্লব–এর প্রবর্তক আল্লামা ইমাম হায়াত রাষ্ট্রীয় অর্থে ইফতার পার্টিকে হারাম আখ্যা দিয়েছেন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, গরিব জনগণের ট্যাক্সের টাকায় রাষ্ট্রীয়ভাবে বিলাসবহুল ইফতার পার্টির আয়োজন ইসলামের মানবিক আদর্শের পরিপন্থী এবং তা অপচয় ও গুনাহের সামিল। তিনি এ ধরনের আয়োজন বন্ধ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, আলেম-ওলামার নামে উগ্রবাদ, সন্ত্রাসবাদ ও বিভ্রান্তিকর মতাদর্শের অপপ্রচার ইসলাম ও মানবতার জন্য ক্ষতিকর। ইফতার পার্টির নামে রাষ্ট্রীয় তহবিল অপচয় করে রাজনৈতিক প্রদর্শনী করা রমজানের শিক্ষা ও সংযমের চেতনার বিরোধী।
আল্লামা ইমাম হায়াত বলেন, সমাজের অধিকাংশ মানুষের ঘরেই ইফতারের ব্যবস্থা রয়েছে। কেবল এতিম, অসহায় ও বঞ্চিত মানুষের জন্য সহায়তা দেওয়া যেতে পারে। ধনীদের জন্য রাষ্ট্রীয় তহবিল ব্যয় করা অনুচিত।
তিনি আরও বলেন, কেউ যদি ইফতার মাহফিল আয়োজন করতে চান, তবে তা ব্যক্তিগত বা দলীয় তহবিল থেকে করা উচিত; রাষ্ট্রীয় অর্থ ব্যবহার করা উচিত নয়।