
চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশিং সেবায় আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে পরিচিতি পাওয়া সুকোমল চন্দ্র দেবনাথ এবার দায়িত্ব নিয়েছেন নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে। তার এই নতুন দায়িত্ব গ্রহণকে ঘিরে উপজেলাজুড়ে স্বস্তির পরিবেশ তৈরি হলেও অপরাধীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক।
জেলায় যোগদানের পর থেকেই পেশাদারিত্ব, সাহসিকতা ও সততার মাধ্যমে নিজেকে আলাদা করে তুলেছেন তিনি। এর আগে সদর মডেল থানায় তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে জটিল ও গুরুত্বপূর্ণ বেশ কিছু মামলার রহস্য উদঘাটন করে প্রশংসা কুড়ান। অপরাধ দমনে তার ‘জিরো টলারেন্স’ নীতি সাধারণ মানুষের কাছে তাকে একটি নির্ভরযোগ্য নাম হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
নাচোল থানায় দায়িত্ব নেওয়ার পরপরই তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন—আইনের চোখে সবাই সমান, অন্যায়কারীর কোনো ছাড় নেই। তার নেতৃত্বে এলাকায় মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
স্থানীয়রা বলছেন, সুকোমল চন্দ্র দেবনাথ শুধু একজন কঠোর আইন প্রয়োগকারী কর্মকর্তা নন, বরং একজন মানবিক ও জনবান্ধব পুলিশ কর্মকর্তা। থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষদের সঙ্গে তার বিনয়ী আচরণ এবং দ্রুত সমস্যার সমাধান দেওয়ার মানসিকতা ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে।
তার কর্মপরিকল্পনার মূল লক্ষ্য হচ্ছে—সন্ত্রাস ও অপরাধ দমন, অপরাধী চক্রের নেটওয়ার্ক ভেঙে দেওয়া এবং পুলিশি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। একই সঙ্গে নির্যাতিত ও অসহায় মানুষের শেষ আশ্রয়স্থল হিসেবে থানাকে গড়ে তোলার ওপরও গুরুত্ব দিচ্ছেন তিনি।
সচেতন মহলের মতে, নাচোল থানায় তার এই নতুন দায়িত্ব পালন এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একজন লড়াকু কর্মকর্তা হিসেবে তিনি অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে সাধারণ মানুষের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করবেন—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।