1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

কুমিল্লায় র‍্যাবে অভিযানে ৮,৩১৮ সিমসহ অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

এ.কে পলাশ, কুমিল্লা
  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

কুমিল্লা নগরীর কাপ্তান বাজার এলাকায় অভিযান চালিয়ে ৮ হাজার ৩১৮টি মোবাইল সিমসহ বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি (VOIP) সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব-১১ ও সিপিসি-২ এর সদস্যারা। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা নগরীর কাপ্তান বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব জানায়, অভিযানে মো. আবু সাঈদ চৌধুরী (৩৪) নামে এক অবৈধ ভিওআইপি ব্যবসায়ী পালিয়ে যায়। পরে তার বাসা থেকে ৮,৩১৮টি মোবাইল সিম, ২টি সিম বক্স, ২টি মনিটর, ২টি সিপিইউ, ২টি রাউটার, ১টি ল্যাপটপ, ১টি পিসি এবং ২টি কিবোর্ড উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, পলাতক আবু সাঈদ চৌধুরী কাপ্তান বাজার এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে লাইসেন্সবিহীনভাবে ভিওআইপি ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তিনি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC) থেকে অনুমোদন ছাড়াই সফটওয়্যারভিত্তিক সুইচ ব্যবহার করে আন্তর্জাতিক কল অবৈধভাবে রাউট করতেন।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, এ ধরনের অবৈধ কার্যক্রমের মাধ্যমে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। অভিযুক্ত ব্যক্তি যান্ত্রিক ও ভার্চুয়াল পদ্ধতিতে অবৈধ টেলিযোগাযোগ সেবা দিয়ে কর ফাঁকি দিতেন এবং অবৈধভাবে পেমেন্ট ও রিচার্জ কার্যক্রম পরিচালনা করতেন।

ঘটনার সসত্যতা নিশ্চিত করে র‍্যাব-১১ ও সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক সাদমান ইবনে আলম জানান, পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। একইসঙ্গে অবৈধ ভিওআইপি ব্যবসার বিরুদ্ধে তাদের অভিযান নিয়মিতভাবে চলবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট