
মাদারীপুরের ডাসার উপজেলায় শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে ভ্রাম্যমাণ বাসে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে প্রযুক্তিনির্ভর এ প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হয়।
সোমবার (৪ মে)সকালে ডাসার উপজেলা পরিষদ চত্বরে ‘টেকাব-২য় পর্যায়’ প্রকল্পের আওতায় শীতাতপ নিয়ন্ত্রিত একটি ভ্রাম্যমাণ বাসে দুই মাসব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর আগে ডাসার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক উম্মে হাবিবা।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ারুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা এবং ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান মাহমুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী পরিচালক মো. আবুল হোসেন।
বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণ-তরুণীরা নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন এবং দেশের উন্নয়নেও ভূমিকা রাখবেন।
উপজেলা যুব উন্নয়ন কার্যালয় সূত্রে জানা গেছে, আধুনিক সুবিধাসম্পন্ন এ ভ্রাম্যমাণ বাসে ৪০ জন প্রশিক্ষণার্থী চারটি শিফটে ভাগ হয়ে কম্পিউটার বেসিক ও নেটওয়ার্কিং বিষয়ে প্রশিক্ষণ নেবেন। প্রশিক্ষক নূরউজ্জামান ও কিশোর কুমারের তত্ত্বাবধানে আগামী দুই মাস এ প্রশিক্ষণ চলবে।