
মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ২১ কেজি গাঁজা, ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৫২ হাজার ৫০০ টাকা উদ্ধারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৯ মে ২০২৬) মাদারীপুর জেলা পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (৮ মে) রাত ৯টা ৫ মিনিটে রাজৈর উপজেলার শারিস্তাবাদ চেয়ারম্যানহাট মোড় বাজার এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ মোঃ শাহাদাৎ হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শাসনগাছা এলাকার বাসিন্দা হলেও বর্তমানে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম মোড়লকান্দা এলাকায় বসবাস করছেন।
এছাড়া একই দিন বিকেল ৪টা ১৫ মিনিটে রাজৈর উপজেলার চাঁনপট্টি এলাকা থেকে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি গাঁজা এবং মাদক বিক্রির ৫২ হাজার ৫০০ টাকাসহ মোঃ রুবেল খান (৩০) নামে আরেক মাদক কারবারিকে আটক করা হয়। তিনি রাজৈর উপজেলার চাঁনপট্টি এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জেলা পুলিশ আরও জানায়, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।