
মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেছেন, গণমাধ্যমকর্মীরা যদি সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার ধারণ করেন, তাহলে ভবিষ্যতে দেশে ফ্যাসিবাদের পুনরাবৃত্তির সুযোগ থাকবে না। তিনি বলেন, দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্রকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সোমবার (১১ মে) সকালে মাদারীপুর প্রেসক্লাবে এশিয়া পোস্টের মাদারীপুর জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের সমস্যা, সম্ভাবনা ও নানা বাস্তবতা গণমাধ্যমের মাধ্যমে জাতির সামনে তুলে ধরতে হবে। পাশাপাশি সমাজের অনিয়ম, দুর্নীতি ও অসঙ্গতি সংবাদে প্রকাশ পেলে জবাবদিহিতা নিশ্চিত হবে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়া পোস্টের মাদারীপুর জেলা প্রতিনিধি রাকিব হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক সাগর হোসেন তামিম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর থানার তদন্ত কর্মকর্তা মোহসীন রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা।