
মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, এক বছরের মধ্যে কালকিনি পৌরসভাকে একটি নান্দনিক পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে, যেখানে পৌরবাসী সব ধরনের নাগরিক সুবিধা ভোগ করতে পারবেন।
বৃহস্পতিবার(৭মে) বিকেলে কালকিনি পৌরসভা বিএনপির আয়োজনে সৈয়দ আবুল হোসেন কলেজ হলরুমে নির্বাচনী পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং আগামীতে বিএনপিকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এসময় নেতাকর্মীদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন কালকিনি পৌরসভা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান এবং সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন। এতে উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সিসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।