
খুলনা ও বাগেরহাট অঞ্চলের আত্মসমর্পণকৃত জলদস্যুদের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করেছে র্যাব-৬। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) মহাপরিচালক, র্যাব ফোর্সেসের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপহার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ, বিজিবিএমএস, পদাতিক, অধিনায়ক র্যাব-৬। তিনি আত্মসমর্পণকারী জলদস্যুদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান এবং যেকোনো আইনি সহায়তায় র্যাব তাদের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।
র্যাব সূত্র জানায়, ২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকে বাহিনীটি অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, মাদকবিরোধী অভিযান, জলদস্যু ও সন্ত্রাস দমন, কিশোর গ্যাং নির্মূল এবং বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
এছাড়াও আভিযানিক কার্যক্রমের পাশাপাশি র্যাব নিয়মিতভাবে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী, শীতবস্ত্র বিতরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করে আসছে।
র্যাব-৬ অধিনায়ক জানান, এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।