
খুলনা প্রতিনিধি: খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু মঙ্গলবার কেসিসি পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠান সরেজমিন পরিদর্শন করেন।
সকাল সাড়ে ৯টা থেকে তিনি পর্যায়ক্রমে কেসিসি’র খালিশপুর শাখা অফিস, লাল হাসপাতাল, করিম নগরের ড্রেন উন্নয়ন কাজ এবং শেরে বাংলা রোডস্থ কেসিসি যানবাহন শাখা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি হাসপাতালে আগত রোগীদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতাল সংশ্লিষ্টদের রোগীর প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানান। পাশাপাশি মশাবাহিত রোগ প্রতিরোধে মশার বংশ বিস্তার রোধ ও মশক নিধন কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন।
শাখা অফিস পরিদর্শনকালে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নাগরিক সেবা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন। সেই অনুযায়ী নগরবাসীর মতামত গ্রহণ এবং মাঠ পর্যায়ে কর্মরতদের কাছ থেকে সেবা বৃদ্ধির অন্তরায়সমূহ বোঝার চেষ্টা চলছে। সকল মতামত বিবেচনা করে বাস্তবসম্মত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিদর্শনে উপস্থিত ছিলেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব আরিফুল ইসলাম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, কঞ্জারভেন্সী অফিসার মো: আনিসুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মোস্তাফিজুর রহমান, ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা মো: জিয়াউর রহমান, আসমা-উল হুসনাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।