
মাদারীপুর জেলার মস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকায় একদল দুর্বৃত্তের নাশকতার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল প্রায় ৩:১৫ মিনিটে বিশ্বস্ত সোর্সের মাধ্যমে পুলিশ প্রশাসনকে অবগত করা হয় যে, ‘কোপা সামসু গ্রুপ’ নামে পরিচিত একটি চক্র মস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকায় নাশকতা চালাতে পারে।
অভিযোগ রয়েছে, সম্ভাব্য ঘটনার পূর্বেই পুলিশ প্রশাসনকে সতর্ক করা হলেও যথাযথ পদক্ষেপ গ্রহণ না করায় বিকালের দিকে উক্ত গ্রুপটি এলাকায় হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা লুটপাটের উদ্দেশ্যে কয়েকটি দোকানে বোমা নিক্ষেপ করে এবং বিভিন্ন দোকানপাট ভাঙচুর করে। এ সময় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ দিকবিদিক ছুটতে থাকে।
স্থানীয় ব্যবসায়ীরা দাবি করেন, হামলাকারীরা পরিকল্পিতভাবে এ নাশকতা চালিয়েছে। এতে বেশ কয়েকটি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত হতাহতের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণ ক্ষোভ প্রকাশ করে দায়ীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।